স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আগামীতে প্রধানমন্ত্রী হবার মতো বিকল্প কোন নেতা নেই।
তিনি বলেন, এদেশের জনগণও চায় না শেখ হাসিনা পদত্যাগ করুক। তারা সংসদ বিলুপ্তী কিংবা তত্ত্বাবধায়ক সরকারও চায় না।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুর গোলারটেক মাঠে নগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির মুখে মধু অন্তরে বিষ। বিএনপির দফা ও আন্দোলন সবই ভুয়া। বিএনপির শীর্ষ নেতাদের দুজনই দন্ডিত। তাদের নেতৃত্ব কে দেবে কেউ জানেনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির তিনটি গুণ আছে। সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ৭৫ থেকে ২০০৪ পর্যন্ত বিএনপির নির্যাতন কেউ ভুলে নাই। বিএনপি আমলে আওয়ামী লীগের নেতাকর্মিরা ঘরে থাকতে পারেনি। শেখ হাসিনার নির্দেশ তাদের কোন নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে না। যে বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, তারাই বলে ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কিছু হবে না। নিজেদের শাসনামলে মানবাধিকারের পতাকাকে ভূলন্ঠিত করেছে তারা।
সেতুমন্ত্রী বলেন, বিদ্যুতের জায়গায় যারা খাম্বা দিয়েছে তাদের মুখে বড় বড় কথা মানায় না এদের ভোট দিলে আবারো তারা দুর্নীতি আর লুটপাট করবে মুক্তি যুদ্ধের মূল্যবোধ গিলে এদেশকে পাকিস্তান বানাবে।
তিনি জানান, শেখ হাসিনা মানুষের দুঃখ বুঝেন। তিনি যা ওয়াদা করেন তা করেন। আর বিএনপির কথায় কাজে মিল নেই। এদেশের সকল উন্নয়ন অগ্রগতিতে অবদানই হলো শেখ হাসিনার।

