ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মেঘ ও রোদের খেলার মধ্যে বেশ ভ্যাপসা গরম বিরাজমান। এতে জনজীবনে নেমে এসেছে অস্বস্তিকর পরিবেশ। এমন পরিস্থিতে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমার পাশাপাশি গরমের তেজও কমে আসবে।
রবিবার (২ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি বা ভারী বর্ষণ হতে পারে।

